‘ভেদাভেদ ভুলে সকল আলেমদের এক হয়ে কাজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, খুলনা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, কওমী-আলিয়া সকল ভেদাভেদ ভুলে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠায় সকল আলেমদের এক হয়ে কাজ করতে হবে।

শনিবার খুলনা নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর ওলামা বিভাগের উদ্যোগে ওলামা সম্মেলন-২০২৪-এ তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাসহ তার দোসরদের অবিলম্বে দেশে নিয়ে এসে বিচার করতে হবে। স্বৈরাচার সরকারের দোসররা এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সে জন্য আলেম-ওলামাদের সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সকল মারকাজের উলামা-মাশায়েখ ও ইসলামী নেতৃবৃন্দকে ইসলামের বৃহত্তর স্বার্থে, দ্বীনের স্বার্থে, দেশ রক্ষার স্বার্থে, সর্বোপরি অপরাধমুক্ত আদর্শ ইসলামী সমাজ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে। যুগে যুগে বিভিন্ন দেশে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা, দেশ গঠন, সমাজ উন্নয়ন, সমাজ সংস্কার ও আদর্শ সমাজ বিনির্মাণে ওলামায়ে-কেরাম গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা উলামায়ে কেরাম যে মতের যে পথের বা যে দলেরই হই না কেন, আমরা যদি মৌলিক বিষয়ে এক থাকতে পারি, তাহলে এদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ইনশাল্লাহ।

মহানগরী ওলামা বিভাগের প্রধান উপদেষ্টা ও মহানগরী জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, আবুল কালাম আজাদ ও অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights