উগান্ডায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ১১৩

পূর্ব উগান্ডার বেশ কয়েকটি গ্রামে ভূমিধসের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে, তাদের সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। পূর্ব আফ্রিকার দেশটিতে গত কয়েকদিনে ভারী বর্ষণের ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এরপরেই সরকার জাতীয় দুর্যোগ সতর্কতা জারি করে।

রাজধানী কাম্পালা থেকে প্রায় পাঁচ ঘণ্টা দূরে পূর্ব বুলামবুলি জেলার মাসুগু গ্রামে গত বুধবার গভীর রাতে ভূমিধস হয়। স্থানীয় মিডিয়ার ছবিতে দেখা যাচ্ছে, মাটির বিশাল অংশ ভেঙ্গে পড়েছে।

উগান্ডার পুলিশ এক্স-এ পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, ‘মোট ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এ ছাড়া আরো ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ সেখানে আরও বলা হয়, ‘দুর্ভাগ্যবশত ১১৩ জন এখনও নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাঁচটি গ্রাম মাসুগু, নামাচেলে, নাটোলা, নামাগুগু এবং তাগালু ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবিনাহ নাব্বাঞ্জা এনবিএস টেলিভিশনকে জানান, ‘ধরণা করা হচ্ছে নিখোঁজদের সবার মৃত্যু হয়েছে।’

তিনি বলেন, ‘নিখোঁজদের লাশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া অন্তত ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।’

জেলা প্রশাসক ফাহিরা এমপালনি গতকাল বৃহস্পতিবার ভোরে বলেছেন, ‘মাসুগু গ্রাম থেকে এ পর্যন্ত একটি শিশুসহ ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্থ এলাকার আকার এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে, বেশ কিছু লোক নিখোঁজ। সম্ভবত ধ্বংসাবশেষে চাপা পড়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights