বসুন্ধরা সিটিতে আজ প্রদর্শিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
ক্রীড়া প্রতিবেদক
আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে আট জাতির আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের ট্রফিটি পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছে। গতকাল জনসাধারণের জন্য কক্সবাজার সমুদ্রসৈকত লাবণী পয়েন্টে রাখা হয়েছিল। সকাল ১০টায় ট্রফিটি লাবণী পয়েন্টে রাখা হলেও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এক ঘণ্টা পর বেলা ১১টায়। জনসাধারণ খুব বেশি উপস্থিত ছিল না। আজ বসন্ধুরা সিটিতে জনসাধারণের সামনে প্রদর্শনের জন্য রাখা হবে। বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মুক্ত থাকবে। পরের দিন ১৩ ডিসেম্বর রাখা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বসুন্ধরা সিটিতে এই প্রথম কোনো বিশ্ব ট্রফি প্রদর্শিত হচ্ছে না। এর আগে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও প্রদর্শিত হয়েছে। জনসাধারণ হুমড়ি খেয়ে পড়েছিল বিশ্বকাপ ট্রফিটি দেখতে। বিশ্বকাপ ফুটবলের ট্রফিও প্রদর্শিত হয়েছিল বসুন্ধরা সিটিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয় ঢাকায় ১৯৯৯ সালে। সেবার টুর্নামেন্টটির নাম ছিল আইসিসি নক আউট বিশ্বকাপ। এখন নাম চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশও খেলবে টুর্নামেন্টটিতে। ২০১৭ সালে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ।
