ফুলবাড়ীতে দুই চোরাকারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ৫টি গরু ও ৩২০ প্যাকেট জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আজ বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার এক বাড়ীতে অভিযান চালিয়ে জিরাসহ এক চোরাকারবারি এবং ভুরিয়ারকুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরুসহ অন্য এক চোরাকারবারিকে আটক করা হয়। আটকৃতরা হলেন কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার মনির হোসেনের ছেলে জিরা চোরাকারবারি গোলাম মোস্তফা এবং শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি সীমান্ত এলাকার নুর ইসলামের ছেলে গরু চোরাকারবারি হাফিজুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের দুটি দল উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত ও শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এসময় ভেল্লিরতল সীমান্ত এলাকার গোলাম মোস্তফার বাড়ী থেকে ১১টি বস্তায় ৩২০ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করা হয় এবং একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অন্যদিকে শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু এনে বাড়ীতে লুকিয়ে রাখায় চোরাকারবারি হাফিজুল ইসলামকে ৫টি ভারতীয় গরুসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, চোরাচালান আইনে মামলা দায়ের করে আটক চোরাকারবারীদের আজ সকারৈ জেল হাজতে প্রেরণ করা হয় এবং উদ্ধারকৃত গরু ও জিরাগুলো স্থানীয় কাস্টম অফিসে জমা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights