রাষ্ট্র মেরামত করতে অতি দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : প্রিন্স
অনলাইন ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দুরভিসন্ধিমূলক। রাজনৈতিক ফায়দা লাভের জন্য বিভিন্ন অযুহাতে নির্বাচন প্রলম্বিত করলে সঙ্কট আরও ঘনিভূত হবে, ছাত্র-গণ অভ্যুত্থানের আকাঙ্খা-চেতনা ষড়যন্ত্রের চোরাবালিতে ডুবে যেতে পারে।
মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
যৌথ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, কঠিন ও জটিল পরিস্থিতি থেকে দেশ এবং জনগণকে উদ্ধারে বিরাজমান সঙ্কট দূর ও রাষ্ট্র মেরামত করতে অতি দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ৩ মাস নয়, আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। কিন্তু ৫ মাস পেরিয়ে গেলেও সংস্কার ও নির্বাচনি কার্যক্রম জনপ্রত্যাশা অনুযায়ী এগোয়নি। উপরন্তু জনসমস্যা নিরসন না হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে, একই সাথে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির দোসরদের ষড়যন্ত্রও বেড়েছে।
সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
