নওগাঁয় শহীদ পরিবারকে আর্থিক সহায়তা
নওগাঁ প্রতিনিধি:
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ ব্যক্তিদের পরিবারকে ২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের আর্থিক সহায়তার এই চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ এরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী, আরমান হোসেন, তানজিম বিন বারী প্রমুখ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকা ও গাজীপুরে গণহত্যায় নওগাঁর ৯জন ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ভোলাগাড়ী গ্রামের রাসেল রানা, আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের ফাহমিদ জাফর ও শ্রীধরগুরনাই গ্রামের শাকিল আনোয়ার, নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বিপ্লব মন্ডল, নওগাঁ পৌরসভার উকিলপাড়া দপ্তরীপাড়া এলাকার আস সবুর ও দোগাছী গ্রামের মাহফুজ আলম শ্রাবণ, নিয়ামতপুর উপজেলার রায়হান আলী, ধামইরহাট উপজেলার ফারসিপাড়া কৈপাড়া গ্রামের বোয়েজিদ বোস্তামী এবং বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের রিদোয়ান শরীফ রিয়াদ।
অনুষ্ঠানে আর্থিক সহায়তা নিতে আসা শহীদ ফাহমিদ জাফরের মা কাজী মাখমিন শিল্পী বলেন, অনেকের প্রিয়জন সড়ক দুর্ঘটনায় অন্য কোনোভাবে প্রাণ হারায়। আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। তাঁর জন্য আমাদের গর্ব হয়। রাষ্ট্র আমাদের সহায়তা না করলেও কোনো দুঃখ থাকতো না।
