জামায়াতের নেতৃত্বে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

চাঁদপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন বলেছেন, অনেক ত্যাগ ও কুরবানির বিনিময়ে আল্লাহ পাক ৫ আগস্ট জাতিকে উপহার দিয়েছেন। ছাত্র-জনতার এই ত্যাগ জাতি কোনো দিন ভুলবে না। গত ১৭ বছর যাবত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াত সবচেয়ে বেশি জীবনদানের ইতিহাস সৃষ্টি করেছে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের জীবনদানের ইতিহাস গোটা দুনিয়ায় ত্যাগের ইতিহাস ছাড়িয়ে গেছে। বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম এই ইতিহাস অব্যাহত থাকবে।

শনিবার জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় ইউরেশিয়া কনভেনশন সেন্টারে রুকনদের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মোবারক হোসাইন বলেন, রাষ্ট্র সংস্কারে জামায়াত ভূমিকা রাখছে। বিগত ১৭ বছরে রাষ্ট্র ধ্বংস করা হয়েছে। রাষ্ট্র পুনর্গঠনে জামায়াত ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ দেশের নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াতে ইসলামী সব প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি বলেন, জাতীয় রাজনীতিতে জামায়াত গুণগত পরিবর্তন আনতে চায়। দেশ ও জাতির সেবা করার জন্য জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। একটি মানবিক রাষ্ট্র জাতিকে উপহার দিতে চায় জামায়াত। একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতের সব পর্যায়ের নেতা-কর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুতি গ্রহণ করেছে।

জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আব্দুস শহীদ নাছিম, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, মো. জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশীদ ওসমানী।

উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহাদ্দিস আবু নছর আশরাফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights