ভুয়া জামিনে কারাগার ছাড়ার ঘটনায় দুই আসামি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ভুয়া জামিননামা দিয়ে কারাগার থেকে বের হয়ে যাওয়া পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার হওয়া দুই আসামিকে আদালতের মাধ্যমে ফের কারাগারে প্রেরণ করা হয়।

তারা হলেন- সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পশ্চিমপাড়া গ্রামের সজলু মিয়ার পুত্র আজাদ মিয়া ও একই থানার লেবু মিয়ার পুত্র সোয়েব মিয়া। এর আগে ৫ জানুয়ারি শান্তিগঞ্জ থানা এলাকায় দিনভর অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির। তিনি বলেন, এ ঘটনায় পলাতক আরও দুইজনসহ জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কারাগার থেকে বের হয়ে যাওয়া পলাতক অন্য দুই মাদক কারবারি হলো- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শিমুলগঞ্জ গ্রামের আব্দুল কদ্দুছ মিয়ার পুত্র রুয়েল মিয়া, একই উপজেলার কিরণ মিয়ার পুত্র আলী হোসেন।

জানা যায়- গত ৬ জানুয়ারি জেলার মাধবপুরে ৩৫ কেজি গাজাসহ র‌্যাবের হাতে ধরা পড়ে উল্লিখিত ৪ মাদক কারবারি। এরপর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। মাদক কারবারিদের আইনজীবী অ্যাডভোকেট ফয়সল আদালতে বেশ কয়েকবার তাদের জামিন আবেদন প্রার্থনা করেন। কিন্তু আদালত তাদেরকে জামিন দেননি।

সর্বশেষ গত ২৬ জানুয়ারিও তাদের জামিন আবেদন করা হয়। কিন্তু হঠাৎ করে বুধবার তারা জামিনে বের হয়ে যান। বিষয়টি জানতে পেরে (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার অ্যাডভোকেট ফয়সল আদালতে যান। সেখানে গিয়ে তিনি নিশ্চিত হন তার আসামিরা ভুয়া জামিননামা তৈরি করে জিআরও অফিসের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে। পরে সেখান থেকে তারা ছাড়া পেয়ে পালিয়ে যান।

পরে তাৎক্ষণিক এ ঘটনায় জিআরও’র সহযোগী হোসাইন মো. আরিফ (২৫)-কে আটক করা হয়। তিনি আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর আগে গত ৩১ জানুয়ারি আমল আদালত-৬ এর জিআরও এএসআই মো. মীর কাশেম বাদী হয়ে আরিফকে প্রধান করে আরও ৬ জনের নাম উল্লেখ করে জালিয়াতির অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights