নিউইয়র্কে বিমান বিধ্বস্ত: ৬ জনের সবাই নিহত

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ছয়জন আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানে থাকা কেউই বেঁচে নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপি জানায়, শনিবার স্থানীয় সময় দুপুরের পরপরই মিৎসুবিশি এমইউ-২বি৪০ সংস্করণের বিমানটি কলাম্বিয়া কাউন্টি বিমানবন্দর থেকে ১৬ কিলোমিটার দূরের একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়।

জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) কর্মকর্তা টড ইনম্যান রবিবার জানান, নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় কোপেইকে একটি প্রাণঘাতী দুর্ঘটনার তদন্ত চলছে। যদিও তিনি নিহতের সংখ্যা নির্দিষ্ট করে বলেননি, নিউইয়র্ক টাইমস জানায় বিমানে থাকা ছয়জনই নিহত হয়েছেন।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, নিহতদের মধ্যে ছিলেন পাইলট ও নিউরোসার্জন মাইকেল গ্রফ, তার স্ত্রী সার্জন জয় সাইনি, তাদের দুই সন্তান এবং সন্তানদের সঙ্গীরা। তারা একত্রে ২৫তম জন্মদিন ও পাসওভার উদযাপনে যাচ্ছিলেন।

টড ইনম্যান বলেন, “বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত অক্ষত ছিল। তবে আছড়ে পড়ার সময় ধাক্কার তীব্রতায় সেটি চাপা পড়ে মাটিতে গেঁথে যায়।”

তিনি আরও বলেন, “পাইলট অবতরণের সময় একটি মিসড অ্যাপ্রোচ (ব্যর্থ অবতরণ প্রচেষ্টা) রিপোর্ট করেন এবং পুনরায় অ্যাপ্রোচের জন্য নির্দেশনা চান।”

এ ছাড়া দুর্ঘটনার আগে আবহাওয়া খারাপ হচ্ছিল ও দৃষ্টিসীমা কমে যাচ্ছিল বলেও জানান তিনি। পাইলট অভিজ্ঞ ছিলেন এবং বিমানটির ককপিট সম্প্রতি আধুনিকায়ন করা হয়েছিল।

এই দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ের একাধিক বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার মধ্যে সর্বশেষ। এএফপির তথ্যানুযায়ী, এক সপ্তাহ আগেই হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন।

তারও আগে গত জানুয়ারিতে ওয়াশিংটনে সামরিক হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন মারা যান। এছাড়া গত শুক্রবার ফ্লোরিডার বোকা রেটন বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি হালকা বিমান বিধ্বস্ত হয়, এতে তিনজন নিহত হন।

সোর্স: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights