বীরগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. দুলাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করতে গেলে বিক্ষুদ্ধ জনতা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরে এলাকাবাসী সহায়তায় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটক মো. দুলাল হোসেন (৫৫) বীরগঞ্জ উপজেলার মরিচা ডাবরা জিনেশ্বরী গ্রামের মকবুল হোসেনের ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী মাস্টারের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. লতিফুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে ডাবরা বাজারে আসার পথে একটি ভ্যান চালকের সামনে একটি শিশুকে কাঁদতে দেখে দাঁড়াই। পরে ভ্যান চালকসহ শিশুটির কাছে কান্নার কারণ জানতে চাই। এ সময় শিশুটি জানায়, মাদ্রাসা যাওয়ার পথে একটি লোক তাকে জোর করে জড়িয়ে ধরেছে। সে চিৎকার করলে লোকটি ভুট্টা ক্ষেতের ভিতরে লুকিয়ে যায়। মেয়েটির কাছে লোকটির বর্ণনা শুনে আমরা খুঁজতে ভুট্টা ক্ষেতের ভিতরে যাই। খোঁজাখুঁজির পর কাউকে না পেয়ে বাজারে চলে আসি। এরপর জানতে পারি ভ্যানচালকসহ কিছু লোক মেয়েটির বর্ণনা অনুযায়ী দুলাল হোসেন নামে একজনকে ভুট্টা ক্ষেত হতে আটক করেছে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে জুতার মালা পরিয়ে দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) শিহাব উদ্দীন জানান, অভিযুক্ত দুলাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights