চুয়াডাঙ্গায় ৭০ ভরি স্বর্ণ জব্দ করেছে বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার ছয়ঘরিয়া গ্রাম থেকে ৭০ ভরি ওজনের তিনটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। শুক্রবার দুপুরে পাচারকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কি থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ছয়ঘরিয়া গ্রামের রাস্তায় অভিযানে যায় বিজিবি। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করতে গেলে পাচারকারীরা তা ফেলে পালিয়ে যায়।

পরে মোটরসাইকেল তল্লাশি করে এর ট্যাঙ্কির ভেতর থেকে তিনটি স্বর্ণের বার পাওয়া যায়। এ ব্যাপারে নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন। পরে আটককৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে বলেও জানান কর্নেল সাঈদ মোহাম্মদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights