ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মিস্ত্রির

অনলাইন ডেস্ক

রাজধানীর গেণ্ডারিয়ায় একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাব্বির (১৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে গেণ্ডারিয়া থানার ৯৫/৫ ডিস্টিলারি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক শেষ পর্যন্ত মৃত ঘোষণা করেন মৃত সাব্বির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।

সহকর্মী আতাউর রহমান জানান, একটি ভবনের পানির ট্যাংকিতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন সাব্বির। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights