ধুনটে পুলিশকে কুপিয়ে হ্যান্ডকাপসহ পালানো সেই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার ধুনটে দুই পুলিশকে পিটিয়ে ও কুপিয়ে হ্যান্ডকাপসহ পালানো সেই ওয়ারেন্টভুক্ত আসামি অসীমকে (৩০) গ্রেপ্তার করা করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১১ জুলাই) রাতে ধুনটের বড়বিলা গ্রামে আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি অসীম ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরি (ছোট দিয়ার) গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে অসীমকে গ্রেপ্তার করতে যান ধুনট থানার এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক। এ সময় আসামি অসীম এবং তার স্ত্রী সোহানা খাতুন (২৬) ও মা শিউলী খাতুন (৫০) লাঠি ও কাঁচি দিয়ে ওই পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় অসীম পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিউলী খাতুনকে আটক করে। এ ঘটনায় শুক্রবার (১১ জুলাই) আহত পুলিশ অফিসার ধুনট থানার এএসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে শিউলী খাতুন, অসীম ও সোহানা খাতুনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই হ্যান্ডকাপসহ পালানো সেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় অভিযুক্ত তিন নম্বর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার অসীমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights