থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, হামলাকারীর লাশ মিলল পুকুরে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর ছুরিকাঘাতের ঘটনায় থানার পেছনের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা সাঘাটা হাই স্কুলের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত এক যুবক হঠাৎ সাঘাটা থানায় ঢুকে এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করে এবং রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনার পরপরই ওই যুবক থানার পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে।

পুলিশ ও স্থানীয়রা রাতভর পুকুরে তল্লাশি চালালেও তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে শুক্রবার সকালে উদ্ধার হয় তার মরদেহ।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ‘হামলাকারীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আহত এএসআই মহসিন আলী বর্তমানে সুস্থ রয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights