রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

ডিএমসি প্রতিনিধি
রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। পেশায় তিনি ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন।

আজ বৃহস্পতিবার ভোরে বনানী ১১ নম্বর রোডে ১০০ নম্বর ভবনের সিঁড়ি থেকে নামার সময় এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে রাহাতকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাহাত মহাখালী জিপি গ হাজারিবাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা রবিউল আউয়ালের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

মৃতের চাচাতো ভাই শাকিল জানান, বুধবার (১৩ আগস্ট) রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন রাহাত কিন্তু আর বাসায় ফেরেননি। ভোরে রাহাতের মোবাইল থেকে তার এক বন্ধু খোকন ফোন করে জানায়- সে ছুরিকাঘাতে আহত হয়েছে। পরে তারা ঘটনাস্থল থেকে রাহাতকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাকিল আরও জানান, ঘটনাস্থলের ওই রেস্টুরেন্টের সিঁড়ি দিয়ে নামার সময় মুন্না নামের পরিচিত এক যুবক ও তার সঙ্গে থাকা পাঁচ-ছয়জন রাহাতকে দেখতে পায়। রাহাত মুন্নাকে জিজ্ঞাসা করেন- “এত রাতে কী করছো?” এমন প্রশ্ন করতেই তারা রাহাতকে মারধর শুরু করে এবং বাম উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ বলেন, বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনের দ্বিতীয় তলার সিঁড়ি দিয়ে নামার সময় পাঁচ-ছয়জন যুবক রাহাতকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে বাম উরুতে আঘাত করে। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারালো অস্ত্রের আঘাতেই রাহাতের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights