আশা করি পরের ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে: ক্রীড়া উপদেষ্টা

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে। মাত্র ১৩৯ রানের পুঁজি নিয়ে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ৬ উইকেটে হেরেছে। ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে সরাসরি দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় তিনি দলের পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

হতাশা ভুলে পুনরায় শক্তভাবে লড়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘হতাশার কিছু নেই। আমাদের আরো একটি ম্যাচ বাকি আছে। যদিও আজকের খেলা আরো ভালো হতে পারত। আমাদের দলের শুরু থেকেই ধারাবাহিকতার সমস্যা আছে। আশা করি পরের ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগমুহূর্তে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন ক্রীড়া উপদেষ্টা। সেখানে কী কথা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলার আগে বেশি কথা বলার সুযোগ নেই। আমি শুধু দলকে ‘বেস্ট অব লাক’ জানিয়েছি এবং তাদের কথা শুনেছি।’

ম্যাচ নিয়ে তিনি বলেন, পাওয়ার প্লেতে বাংলাদেশের পারফরম্যান্সই মূল সমস্যা ছিল। ‘পাওয়ার প্লেতে আমরা ৬ ওভারে ৩ উইকেটে মাত্র ৩০ রান করেছি। যদি আমরা এই সময় ভালো শুরু করতে পারতাম, পুরো ম্যাচটিকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলা যেত।’

শ্রীলঙ্কার কাছে হারের কারণে বাংলাদেশের সুপার ফোরে খেলার পথ কঠিন হয়ে গেছে। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও, দলের জন্য বাকি ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এটা পুরোপুরি আমাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। পরের ম্যাচ দেখলেই বোঝা যাবে।”

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মঙ্গলবার আফগানিস্তানের সঙ্গে মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights