সাংবাদিক নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি।।
একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শহরের কুড়িগ্রাম কলেজ মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ছাড়াও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরাও অংশ নেন। হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা নির্যাতন ও হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সাংবাদিক লিয়াকত আলী বাদলের ওপর হওয়া নির্যাতন ও হেনস্তার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় বক্তারা আরও বলেন, সাংবাদিকরা জনগণের পক্ষে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন। অথচ তাদের বারবার হেনস্তার শিকার হতে হচ্ছে। দেশের কোথাও সাংবাদিকদের ওপর নির্যাতন হলে এর প্রতিক্রিয়া সর্বত্র ছড়িয়ে পড়বে। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
