শিক্ষার্থীদের কল্যাণে জবি ছাত্রদলের স্মারকলিপি: জকসু নীতিমালায় সংস্কার ও বৃত্তির দাবি
রাকিব মাজহার,জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালায় নতুন পদ সংযোজন এবং শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জবি ছাত্রদলের নেতারা ইউজিসি চেয়ারম্যানের হাতে স্মারকলিপি জমা দেন। এতে করোনোত্তর অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে দ্রুত সম্পূরক বৃত্তি চালুর দাবি জানানো হয়। পাশাপাশি আগামী অক্টোবরের মধ্যেই এ দাবিগুলো বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, জকসু নীতিমালায় সময়োপযোগী সংশোধনের প্রয়োজন রয়েছে। নতুন প্রস্তাবিত সম্পাদকীয় পদগুলো হলো— স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, দক্ষতা উন্নয়ন সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, পরিবেশ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। এছাড়া কোষাধ্যক্ষ পদের বিপরীতে অর্থ সম্পাদক পদকে পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করে তা বাদ দেওয়ার দাবি জানানো হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,
”জবি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় শিক্ষার্থীরা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। কাজেই ছাত্রদল চায় আগামী অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি পাক।”
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,
”শিক্ষার্থীদের কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন, ছাত্রদল তা করে যাচ্ছে। অক্টোবরের মধ্যেই যেন সম্পূরক বৃত্তি কার্যকর হয় সে লক্ষ্যেই আজকের স্মারকলিপি।”
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি প্রমুখ।
