গোপালগঞ্জে স্বৈরাচারী হাসিনার জন্মদিন পালনের ঘটনায় গ্রেফতার ৪

গোপালগঞ্জ প্রতিনিধি

সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের ঘটনায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জামও উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার বাট্টাইধোবা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. হাসান মোল্যা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সকলেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, উপজেলার বাট্টাইধোবা গ্রামে গভীর রাতে হাসিনার জন্মদিন পালন উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজন এবং নাশকতার পরিকল্পনা করছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে কাশিয়ানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পাঁচজন ছাত্রলীগ কর্মীকে আটক করে।

পাঁচজনের মধ্যে ইসা ইসলাম শারীরিক অসুস্থ থাকায় তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়। এছাড়া তাদের গ্রেফতারের সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights