মালদ্বীপে ‘জেন জি’ থেকে সব প্রজন্মের জন্য ধূমপান নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
মালদ্বীপে জন্মগ্রহণ করা জেন জি প্রজন্ম থেকে পরবর্তী সব প্রজন্মের জন্য ধূমপানে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে ২০০৭ সালের জানুয়ারি মাসের পর যারা জন্মগ্রহণ করেছে ও করবে, তারা সবাই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। নিষেধাজ্ঞাটি সব ধরণের তামাকের ক্ষেত্রেই প্রযোজ্য।
খুচরা বিক্রেতাদের কাছে বিক্রির আগে বয়স যাচাই করতে হবে। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করলে প্রায় ৩ হাজার ২০০ ডলার জরিমানা করা হবে। সেই সঙ্গে ২১ বছরের নিচে কোনো ব্যক্তিকে তামাক সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নতুন এ আইনে সব ধরনের তামাক বিজ্ঞাপনেও নিষোধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে পৃষ্ঠপোষকতা ও প্রচারণা। পাশাপাশি সব বয়সের জন্য ই-সিগারেট ও ভ্যাপও সম্পূর্ণ নিষিদ্ধ।
১ নভেম্বর থেকে কার্যকর নিষেধাজ্ঞাটি প্রথমে জেনারেশন জেড প্রজন্মকে প্রভাবিত করবে। পর্যটনে প্রসিদ্ধ দেশটির পর্যটকদের ক্ষেত্রেও এ আইন প্রযোজ্য।
দেশটির ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ এ পদক্ষেপকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি সাহসী ও তথ্যভিত্তিক উদ্যোগ। যা মাদকচক্র ভাঙতে, রোগ প্রতিরোধ ও তরুণ প্রজন্মের জন্য আরও সুস্থ ও শক্তিশালী ভবিষ্যৎ নিশ্চিত করবে।
মালদ্বীপের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশটিতে অসুস্থতা ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ তামাক সেবন ও পরোক্ষ ধূমপান। এ কারণেই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু গতবছর এক ধূমপানবিরোধী কর্মসূচি চালু করেন। এর অংশ হিসেবে ভ্যাপ ও ই-সিগারেট নিষিদ্ধ করা হয়। সিগারেটের ওপর আমদানি শুল্ক ও করও দ্বিগুণ নির্ধারণ করা হয়েছে।
মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যাশা করছে, আইনটি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে এবং ধূমপানমুক্ত প্রজন্ম গড়তে উৎসাহ দেবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
