মুস্তাফিজবিহীন দিল্লির বড় পরাজয়ে আইপিএল শুরু

অনলাইন ডেস্ক

আইপিএল খেলতে চার্টার্ড ফ্লাইটে উড়াল দিলেও শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে একাদশে রাখেনি দিল্লি ক্যাপিটালস। ফলে নতুন মৌসুমের প্রথম ম্যাচেই হেরে গেল দিল্লি।

শনিবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫০ রানের বড় পরাজয়ে আইপিএলের মিশন শুরু করেছে মুস্তাফিজবিহীন দিল্লি।

এর আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল লক্ষ্ণৌ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে পারে দিল্লি।
১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খারাপ হয়নি দিল্লির। দুই ওপেনার পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নার মিলে তুলে ফেলেছিলেন ৪১ রান। কিন্তু মার্ক উডের পর পর দুই বলে শ (৯) এবং মিচেল মার্শ (০) বিদায় নিলে চাপে পড়ে যায় দলটি। এরপর সরফরাজ খানও (৪) দ্রুত ফিরলে কার্যত ম্যাচ থেকেই ছিটকে যায় তারা। তবে একপ্রান্ত আগলে চেষ্টা চালিয়ে যান অধিনায়ক ওয়ার্নার। কিন্তু অন্যপ্রান্তে রাইলি রুশো ছাড়া কেউই তাকে সঙ্গ দিতে পারেননি।

দুর্দান্ত ফর্মে থাকা রুশো (৩০) নিজেও প্রয়োজনীয় ঝড় তুলতে ব্যর্থ হন। তবে ২০ বল মোকাবিলা করে ৩টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন প্রোটিয়া ব্যাটার। তবে অপরপ্রান্তে উইকেট পতনের মিছিলের মাঝে ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করেছেন ওয়ার্নার। তুলে নিয়েছেন আসরে নিজের প্রথম ফিফটিও। কিন্তু তাতে স্বভাবসুলভ আগ্রাসন ছিল না। ফলে রান আর বলের পার্থক্য বাড়তে শুরু করে। যার চাপে হার মানেন ৪৮ বলে ৫৬ রান করা ওয়ার্নার। দিল্লিও আর খুব বেশিদূর যেতে পারেনি।

বল হাতে লক্ষ্ণৌর মার্ক উড ৪ ওভারে মাত্র ১৪ রান খরচে নিয়েছেন ৫ উইকেট। এবারের আসরে প্রথম বোলার হিসেবে ফাইফারের মালিক হলেন তিনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি লক্ষ্ণৌ। অধিনায়ক লোকেশ রাহুল (৮) ফিরেছেন দ্রুতই। ১৮ বলে ১৭ রানের ওয়ানডে ধাচের ব্যাটিং করে ফেরেন আরেক ওপেনার দীপক হুডাও। তবে তিনে নেমে ঝড় তুলেছেন ক্যারিবীয় ব্যাটার কাইল মায়ার্স। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে মাত্র ৩৮ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি, যার মধ্যে ছক্কাই হাঁকিয়েছেন ৭টি। দলকে ঠিক ১০০ রানে রেখে মায়ার্স বিদায় নেন। এরপর নিকোলাস পুরান (৩৬), ক্রুনাল পান্ডিয়া (১৫) ও আয়ুশ বাদোনির (১৮) ব্যাটে ১৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় লক্ষ্ণৌ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights