দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ঈশ্বরদীতে

পাবনার ঈশ্বরদীতে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে তীব্র শীত অনুভূত হচ্ছে। উত্তরের ঠান্ডা বাতাসের সঙ্গে একদিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে খেটে খাওয়া মানুষরা।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন রোববার এ তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একদিনে কমেছে প্রায় ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশা ও সূর্যের দেখা না মেলায় সকাল থেকেই কাজে বের হতে পারছেন না দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। দুপুরের পর কুয়াশা কিছুটা কাটলেও রোদের তেজ না থাকায় শীতের তীব্রতা কমেনি। শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল ও দরিদ্র মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

শীতের প্রভাবে স্থানীয় হাসপাতালগুলোতেও ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধদের মধ্যে সর্দি-কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি।

এ বিষয়ে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, কয়েকদিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহের আওতায় পড়ে। এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights