এনসিপির অগ্রাধিকারে তরুণ ও ছাত্রসমাজ

তাওসিফ মাইমুন

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার তৈরির কাজ করছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির ইশতেহার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারে গেলে কীভাবে দেশ পরিচালনা করা হবে তার রূপরেখাসহ নানান প্রতিশ্রুতি থাকছে এতে। থাকবে ভোটারদের মন জয়ের সর্বোচ্চ চেষ্টা
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শিগগিরই ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শীর্ষক ২৪ দফা এবং তরুণ ও ছাত্রসমাজকে অগ্রাধিকারের ভিত্তিতে ইশতেহার ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন বাংলাদেশ গঠনে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি, বৈষম্যহীন সমাজ, অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানকে প্রাধান্য দেওয়া হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে আরও পরিবর্তন, সংযোজন-বিয়োজনের মাধ্যমে ইশতেহার চূড়ান্ত করে শিগগিরই ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রণয়নের সঙ্গে জড়িত এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী বৈষম্যহীন বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে দুর্নীতি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের সুশাসনের ওপর জোর এবং জনগণের প্রত্যাশার ভিত্তিতে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। এনসিপির দফাগুলোর মধ্যে রয়েছে নগরায়ণ, পরিবহন ও আবাসন পরিকল্পনা, জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা, প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার, বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি, শ্রমিক-কৃষকের অধিকার, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, তারুণ্য ও কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা, গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব, জাতি গঠনে শিক্ষানীতি, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, সর্বজনীন স্বাস্থ্য, জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার, সেবামখুী প্রশাসন ও দুর্নীতি দমন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার এবং গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights