শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এই বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ঘটনাস্থলে সোহান নামে এক যুবক মারা গেছে।

বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ভোরের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর দেখা যায়, একটি ঘরের দেয়াল ও ছাউনি উড়ে গেছে। কাছাকাছি এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় কয়েকদিন ধরেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। পুলিশের নজরদারি ইতোমধ্যেই বৃদ্ধি করা হয়েছিল।

ওসি আরও জানান, বিস্ফোরণের পর ঘরের ভেতর থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরেই বিস্ফোরণ ঘটানো হয়েছে বা বোমা প্রস্তুতির সময় দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া বিস্ফোরণের প্রকৃত কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights