বিশ্বকাপে ভারত ম্যাচ কেন খেলবে না পাকিস্তান, জানালেন সালমান

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। সিরিজ জয় ফাখার জামানের ফর্ম ও দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে প্রশ্নের পাশাপাশি আলোচনায় আসে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের বিষয়টি। শুরুতেই এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালমান জানান এই সিদ্ধান্তে ক্রিকেটারদের কিছু করার নেই।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পাকিস্তান সরকার জানায় এমন সময় যখন সালমানের দল অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলছিল। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১১ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে পাকিস্তান। বিশ্বকাপের আগে এটিকে আদর্শ প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।

তবে গ্রুপ পর্বে সবচেয়ে আলোচিত ম্যাচটি খেলবে না পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পাকিস্তান সরকার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছে। গোটা বিশ্বকাপ বর্জনের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত শুধু ভারত ম্যাচ নিয়েই সিদ্ধান্ত আসে।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে সালমান খুব বেশি গভীরে যেতে চাননি। তিনি বলেন হ্যাঁ আমরা বিশ্বকাপে যাচ্ছি। তবে ভারতের সঙ্গে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত আমাদের নয়। এখানে আমাদের কিছু করার নেই। সরকার যা বলবে বোর্ডের চেয়ারম্যান যা বলবেন সেটিই আমাদের মানতে হবে। তারা যেভাবে বলবেন সেভাবেই আমরা করব।

সালমানের উত্তর শেষ হতেই পিসিবির মিডিয়া ম্যানেজার সাংবাদিকদের অনুরোধ করেন যেন পরবর্তী সব প্রশ্ন সিরিজ সংশ্লিষ্ট বিষয়ে সীমাবদ্ধ রাখা হয়।

পাকিস্তান ম্যাচ বর্জনের ঘোষণা দিলেও ভারতীয় দল নির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোতে যাবে এবং আইসিসির প্রোটোকল মেনে মাঠে উপস্থিতিসহ সব আনুষ্ঠানিকতা পালন করবে বলে জানিয়েছে ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights