অশুভ শক্তি থেকে বাঁচতে চীনা দম্পতির আজব কাণ্ড!
অনলাইন ডেস্ক
ভাগ্য বদলাতে অনেকে নানা বিশ্বাস মানেন। কিন্তু সেই বিশ্বাস যদি অন্য মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করে—তাহলে তা ভয়ংকর হয়ে ওঠে। চীনের সাংহাই শহরে এমনই একটি ঘটনা ঘটেছে।
সাংহাইয়ের একটি আবাসিক এলাকায় রাস্তার এক মোড়ে গাড়িচালকদের সুবিধার জন্য একটি ট্রাফিক মিরর (রাস্তার মোড়ে লাগানো গোল আয়না) বসানো ছিল। ওই আয়নাটি চালকদের সামনে-পেছনের রাস্তা দেখতে সাহায্য করত। ফলে মোড় ঘুরতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি কম থাকত।
কিন্তু ওই আয়নার ঠিক বিপরীত পাশে থাকা এক নারী বারবার আয়নাটি ঘুরিয়ে দিচ্ছিলেন। তার ধারণা ছিল, আয়নাটি তার বাড়ির দিকে তাক করে থাকলে তা অশুভ প্রভাব ফেলছে। তিনি বিষয়টিকে ফেং শুই (বাড়ির পরিবেশ-ব্যবস্থা ঠিক রেখে সৌভাগ্য আনার চীনা বিশ্বাস)-এর সঙ্গে মিলিয়ে এমনটি করেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই নারী নাকি বলতেন—আয়নাটি ‘দৈত্য দেখানোর আয়না’ এবং এটি তার ঘরের দিকে তাক করা থাকলে বিপদ হতে পারে। তাঁর স্বামী বলেন, স্ত্রী সম্প্রতি অসুস্থতা ও দুর্ভাগ্যের কথা ভেবে একজন ফেং শুই বিশেষজ্ঞকে ডেকেছিলেন। সেই বিশেষজ্ঞ নাকি আয়নাটিকেই সব সমস্যার কারণ বলেন।
কিন্তু আয়নাটি বারবার নড়ানোয় রাস্তার বাঁকে চালকদের দৃষ্টি ঠিক থাকছিল না। এতে একের পর এক একাধিক দুর্ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ বারবার আয়নাটি ঠিক জায়গায় বসালেও আবার তা সরানো হয়।
শেষ পর্যন্ত কর্তৃপক্ষ ওই দম্পতিকে সতর্ক করে জানিয়েছে, এভাবে জননিরাপত্তা নষ্ট করা আইনগত অপরাধ হিসেবে গণ্য হতে পারে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলাও হতে পারে, এমনকি জেলও হতে পারে।
