পরিচ্ছন্ন উলিপুর গড়তে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে
মাসব্যাপী ‘পরিচ্ছন্ন উলিপুর’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪
ফেব্রুয়ারি) সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩
আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সকাল ৯টার দিকে উলিপুর মসজিদুল হুদার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে
কর্মসূচির সূচনা হয়। পরে একটি সচেতনতামূলক শোভাযাত্রা পৌর শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের
বিভিন্ন অলিগলি, উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, থানার মোড়, গুনাইগাছ
মোড়, বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম
পরিচালনা করা হয়। জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, নর্দমা পরিষ্কার এবং
রাস্তার পাশে ছড়িয়ে থাকা বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলার কাজ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সালেহী পরিচ্ছন্নতাকর্মী ও দলীয়
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে ঝাড়ু দিয়ে কর্মসূচিতে অংশ নেন। এ
সময় তিনি বলেন, “একটি পরিচ্ছন্ন শহর শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি
নাগরিকদের সুস্থ জীবনযাপনের নিশ্চয়তাও দেয়। উলিপুরকে একটি বাসযোগ্য,
স্বাস্থ্যকর ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে দায়িত্বশীল হতে
হবে।”
তিনি আরও বলেন, “শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক নাগরিককে
নিজ নিজ বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ
নিয়মিত পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা চাই এ কর্মসূচি
সাময়িক উদ্যোগ না হয়ে সামাজিক আন্দোলনে পরিণত হোক।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা অর্থ
সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন,
উপজেলা সেক্রেটারি তৌহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ
দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় শিক্ষার্থী,
স্বেচ্ছাসেবক ও সচেতন নাগরিকরাও কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় পৌর এলাকার প্রতিটি
ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে
সচেতনতামূলক আলোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-

প্রচারণা চালানো হবে। অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা রোধে সচেতনতা
বৃদ্ধি ও নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ওপরও জোর দেওয়া হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ সমস্যার
কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় স্থানীয়ভাবে
পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবি উঠেছিল। তারই ধারাবাহিকতায় এ
মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights