দুবাই-মানামায় মার্কিন ব্যাংকের শাখায় ইরানি ড্রোন হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে অবস্থিত মার্কিন আর্থিক প্রতিষ্ঠান এবং জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান।

আল মায়াদিন নিউজের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার ভোরে অজ্ঞাত ড্রোন থেকে দুবাই ও মানামায় অবস্থিত মার্কিন ব্যাংক সিটিব্যাংকের শাখাগুলোতে এই হামলা চালানো হয়। হামলার পরপরই সংশ্লিষ্ট শাখাগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এর আগে ইরানের পক্ষ থেকে পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি দেওয়ার পর সিটিব্যাংক কর্তৃপক্ষ তাদের আমিরাত ভিত্তিক শাখাগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল।

একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র ফুজাইরা অঞ্চলেও বড় ধরনের বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ ড্রোন প্রতিহত করার দাবি করলেও এর ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।

রয়টার্সের সূত্রমতে, এই ঘটনার পর ফুজাইরা বন্দরের তেল লোড করার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। মূলত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো হামলার প্রতিক্রিয়ায় তেহরান এই পাল্টা আঘাত হেনেছে বলে মনে করা হচ্ছে। ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স আগেই সতর্ক করে দিয়েছিল, তাদের জ্বালানি বা অর্থনৈতিক স্থাপনায় কোনো আঘাত আসলে এই অঞ্চলে অবস্থিত মার্কিন সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামো ছাইয়ে পরিণত করা হবে।

সূত্র: আল মায়াদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights