বাহরাইন-আমিরাত-ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের জবাবে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর আওতায় ৯৫তম দফায় বড় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান।

শনিবার পরিচালিত এই বহুমুখী অভিযানে বাহরাইনে অবস্থিত মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং কুয়েতে থাকা হাইমার্স রকেট ব্যাটারি ধ্বংস করার দাবি করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরসিজি)।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো আইআরসিজি-র জনসংযোগ বিভাগের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, এই অভিযানে হাজ কাসেম, খায়বার শেকান এবং কদর-এর মতো অত্যন্ত উন্নত ও নির্ভুলভাবে লক্ষ্যভেদে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

বিবৃতি অনুযায়ী, বাহরাইনের উত্তর অংশে অবস্থিত প্যাট্রিয়ট সিস্টেম ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের একটি মার্কিন কমান্ড সেন্টার ও প্রশিক্ষণ শিবিরেও হামলা চালানো হয়েছে। যেখানে জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তারা অবস্থান করছিলেন।

পাশাপাশি আইআরসিজি দাবি করেছে, আরব আমিরাতে অবস্থিত আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল-এর স্থাপনা এবং বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে নোঙর করা ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ ‘এমএসসি ইশিকা’ সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। একইসঙ্গে ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে কদর মাল্টি-ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের সাহায্যে ব্যাপক হামলা চালানো হয়েছে।

সূত্র: প্রেস টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights