যুদ্ধবিরতি আলোচনার আগে ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ওই দুই শহরে ছুটি থাকছে। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

ইসলামাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার রাতে প্রকাশিত এক নোটিশে এই ছুটি ঘোষণা করা হয়। তবে নোটিশে ছুটির কারণ উল্লেখ করা হয়নি।

সাধারণত উচ্চপর্যায়ের কূটনৈতিক কর্মসূচির আগে নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদে প্রায়ই এ ধরনের ছুটি বা বিধিনিষেধ জারি করা হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

পাকিস্তানি কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবারের এই ছুটি শুধু ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে কার্যকর থাকবে।

নোটিশে বলা হয়েছে, যেসব দফতর–সংস্থা জরুরি সেবা দিয়ে থাকে, সেগুলোর কার্যক্রম ছুটির সময়ও চালু থাকবে। এর মধ্যে রয়েছে- পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংস্থা।

ইসলামাবাদের উপকমিশনারের দফতর এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, জরুরি সেবা চালু থাকবে। পাশাপাশি নাগরিকদের নিজেদের কার্যক্রম সে অনুযায়ী সাজানোর পরামর্শ দেওয়া হচ্ছে। সূত্র: ডন নিউজ, এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights