প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ‘মরার ভান’ করে বেঁচে গেল ছোট্ট আবির

ভোলা প্রতিনিধি

ভোলায় গভীর রাতে ঘরে ঢুকে নাসিমা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হলেও ‘মরার ভান’ করে বেঁচে যায় তাঁর সাত বছর বয়সী ছেলে আবির। নিহতের স্বামী দুবাইপ্রবাসী।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শরীফ সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী যুবক মো. জিহাদকে আটক করা হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সরদার বাড়িতে বসবাস করতেন দুবাইপ্রবাসী আল-আমিনের দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগম। শুক্রবার রাতে খাবার শেষে সাত বছরের ছেলে আবিরকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে নাসিমা ও তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। একপর্যায়ে নাসিমার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে আহত অবস্থায় আবির ঘরের বাইরে এসে চিৎকার করলে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।

আহত শিশু আবির জানায়, রাতের আঁধারে জামাল মেম্বারের ছেলে জিহাদ ঘরে ঢুকে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং তাকেও আঘাত করে। পরে সে মারা যাওয়ার ভান করে পড়ে থাকলে হামলাকারী চলে যায়। এরপর সে বাইরে এসে সাহায্য চায়।

নিহত নাসিমার চাচা-শ্বশুর নাজিম উদ্দীন বলেন, আহত অবস্থায় আবির এসে তাদের জানায়, জিহাদ তার মাকে হত্যা করেছে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম বলেন, আহত শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে মো. জিহাদকে আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights