দেয়াল ধসে মৃত্যুর ঘটনায় চলছিল সালিশ, ফের দেয়াল ধসে আহত ৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ সভা চলাকালে বিদ্যালয়ের দেয়াল ধসে পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় এ ঘটনা ঘটে। দেয়াল ধসে মৃত্যুর ঘটনা নিয়ে সালিশ সভাটি চলছিলো।
আহতরা হলেন, সাবেক কাউন্সিলর মো.আহসান উল্লাহ হাসান (৫৮), আঁখি (১৯) ও তুর্য দাস (১৩)। জেলা সদর হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে হাসানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত বছরের শেষ দিকে শহরের পাইকপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে লোহার ফ্রেম পাশের টিনের চালার বাড়ির ওপর পড়ে। এতে সুব্রত দাস নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে আহত ওই ব্যক্তিঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
একে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের স্বজনদের নিয়ে সালিশ সভা চলছিলো। এ সময় হঠাৎ হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেলিং এর দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় আহত তুর্য আগে মারা যাওয়া সুব্রত দাসের ছেলে।
সালিশ সভায় উপস্থিত জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল হক জানান, বিদ্যালয় মাঠে সভা চলছিলো। সভা চলাকালে বিদ্যালয় ভবনের ওপরের দিকের রেলিংয়ের দেয়াল ভেঙে পড়ে। এতে পূর্ব-উত্তর কোণে বসে থাকা তিনজন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
