ঈদে শাবিপ্রবির হলে প্রীতিভোজ

শাবিপ্রবি প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ মে) ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য এই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় দুইটি গরু কোরবানি করে মাংস বিতরণ করা হয়।

জানা যায়, প্রতি বছর ঈদের ছুটিতে নানা কারণে অনেক শিক্ষার্থী হলে অবস্থান করেন। বিশেষ করে দূর-দূরান্তের শিক্ষার্থী, ভিন্ন ধর্মাবলম্বী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশ এই ছুটিতেও ক্যাম্পাসে অবস্থান করেন। ঈদের দিনে শিক্ষার্থীরা যাতে একাকিত্ব অনুভব না করেন এবং উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের নির্দেশে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।

প্রীতিভোজের এই আয়োজন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ মিসবাহ উদ্দিন, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদার, এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights