ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল

অনলাইন ডেস্ক
ঈদুল আজহার ছুটিতে দিনে গড়ে এক লাখ ৫১ হাজার ৮৭৭ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার ডিএমটিসিএলের এমআরটি লাইনের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আজহার বন্ধের দিনগুলোতে অর্থাৎ গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) নিরবচ্ছিন্ন যাত্রী সেবা দিয়েছে মেট্রোরেল। ওই সময় দিনে ১৪০টি মেট্রোরেলের ট্রিপ পরিচালনা করা হয়েছে এবং দিনে গড়ে এক লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন।

এতে আরও বলা হয়, ওই সময় যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ১০টি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়। ডিএমটিসিএলের সব কর্মকর্তা ও কর্মচারী সরকারি ছুটির দিনেও নিরলস কাজ করেছেন। এছাড়া মেট্রোরেল সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নেওয়া হয়।

বন্ধের সময় সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও নিরাপদে মেট্রোরেল চলাচলে সহযোগিতা করার জন্য ঢাকা মেট্রোরেলের সব যাত্রী এবং অংশীজনকে আন্তরিক ধন্যবাদ জানায় ডিএমটিসিএল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights