বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ব্রাজিলের হেক্সা মিশন শুরু হওয়ার আগেই বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়েছে পরিচিত সেই সবুজ-হলুদ উন্মাদনা। আর সেই উন্মাদনাই এবার নজর কেড়েছে খোদ ব্রাজিলের মূলধারার সংবাদমাধ্যমের।

ব্রাজিলের শীর্ষ গণমাধ্যম গ্রুপো গ্লোবোর ক্রীড়া প্ল্যাটফর্ম জিই. গ্লোবা বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখানো হয়েছে, কীভাবে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের বিভিন্ন শহর, গ্রাম, অলিগলি ও ছাদজুড়ে উড়ছে ব্রাজিলের পতাকা, আঁকা হচ্ছে প্রিয় তারকাদের দেয়ালচিত্র, আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে সমর্থকদের নানা আয়োজনের ভিডিও।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর কাছে সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, দক্ষিণ এশিয়ার এই দেশটির নিজস্ব ফুটবল সাফল্য সীমিত হলেও ফুটবল নিয়ে মানুষের আবেগের কোনো ঘাটতি নেই। প্রায় ১৭ কোটিরও বেশি মানুষের দেশে বিশ্বকাপ এলেই ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যা লাতিন আমেরিকার অনেক দেশের কাছেও ব্যতিক্রমী।

প্রতিবেদনগুলোতে বাংলাদেশের ব্রাজিলপ্রেমের ইতিহাসও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ষাটের দশকে কিংবদন্তি পেলে ও গারিঞ্চাদের জাদুকরী ফুটবল বাংলাদেশের মানুষের মনে ব্রাজিলের প্রতি ভালোবাসার শুরু হয়। পরে আশির দশকে জিকো ও সোক্রাতেসদের প্রজন্ম সেই ভালোবাসাকে আরও গভীর করে তোলে।

বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে সম্প্রতি ‘ঢাকা ভাইব্রা: বাংলাদেশে ফুটবল অভিযাত্রা নামে একটি প্রামাণ্যচিত্রও নির্মিত হয়েছে। প্রামাণ্যচিত্রটির পরিচালক রাফায়েল বারগামাস্কি বাংলাদেশে এসে পাওয়া অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, একজন ব্রাজিলিয়ান হিসেবে ঢাকায় এসে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। তার ভাষায়, বাংলাদেশিরা শুধু ব্রাজিলের ফুটবলই নয়, বরং দেশটির ফুটবল সংস্কৃতি ও ঐতিহ্যকেও নিজেদের করে নিয়েছে।

ব্রাজিলিয়ান গণমাধ্যমে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আঁকা নেইমার, রোনালদো নাজারিও এবং পেলের বিশাল দেয়ালচিত্রের কথাও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সমর্থকদের মিছিল, শোভাযাত্রা ও পতাকা উৎসবের ছবিও প্রকাশ করা হয়েছে।

তবে উন্মাদনার পাশাপাশি কিছু উদ্বেগজনক ঘটনাও নজর এড়ায়নি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের। সম্প্রতি হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের একটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েক ডজন মানুষ আহত হওয়ার ঘটনাও তাদের প্রতিবেদনে স্থান পেয়েছে।

তবে বিচ্ছিন্ন এসব ঘটনার চেয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নিঃশর্ত ভালোবাসাই বেশি মুগ্ধ করেছে ব্রাজিলিয়ানদের। মরক্কোর বিপক্ষে ব্রাজিল যখন বিশ্বকাপ অভিযানে নামবে, তখন হাজার মাইল দূরের বাংলাদেশ থেকেও কোটি কোটি কণ্ঠে ভেসে আসবে সেলেসাওদের জন্য সমর্থনের ধ্বনি। এ কথা এখন ভালোভাবেই জানে ফুটবলের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটি।

সূত্র: ভিজে আব্রিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights