ঘানায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪, বাস্তুচ্যুত প্রায় ৯০ হাজার মানুষ

অনলাইন ডেস্ক
ঘানাজুড়ে চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বাড়ছেই। সর্বশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৩৪ জনে পৌঁছেছে। তবে উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (ন্যাডমো)-এর পরিদর্শন বিভাগের পরিচালক রিচার্ড অ্যামো ইয়ার্টে জানিয়েছেন, এখন পর্যন্ত নিশ্চিত হওয়া ৩৪ জন নিহতের মধ্যে রাজধানী আক্রাতেই প্রাণ হারিয়েছেন ১২ জন।

তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের তথ্য এখনও যাচাই করা হচ্ছে। উদ্ধার অভিযানের সময় আরও মরদেহ উদ্ধার হলে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভি৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামো ইয়ার্টে জানান, জরুরি উদ্ধারকারী দল এখনও নিখোঁজদের সন্ধানে কাজ করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

ন্যাডমোর তথ্য অনুযায়ী, বন্যায় দেশের সাতটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোট ৮৯ হাজার ৭৩৬ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেটার আক্রা অঞ্চল। সেখানে ৫৪ হাজার ৭১২ জন মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। দ্বিতীয় সর্বাধিক ক্ষতিগ্রস্ত সেন্ট্রাল অঞ্চলে বাস্তুচ্যুত হয়েছেন ২১ হাজার ৮৮২ জন।

এ ছাড়া ভোল্টা, ওয়েস্টার্ন, আশান্তি ও ওয়েস্টার্ন নর্থ অঞ্চলেও হাজারো মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে, ইস্টার্ন অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা তুলনামূলকভাবে সবচেয়ে কম বলে জানিয়েছে ন্যাডমো।

তথ্য সূত্র- সিজিটিএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights