ঝালকাঠিতে বাস উল্টে খাদে পড়ে সুপারভাইজার নিহত, আহত ১০ যাত্রী

অনলাইন ডেস্ক

ঝালকাঠির নলছিটিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে সুপারভাইজার আল মামুন মনির (৩০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা ১০ যাত্রী আহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) দুপুরে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটির রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পুলিশ জানায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল যাত্রীবাহী বাস নাহিদ সুপার। বাসটি রায়াপুর এলাকায় পৌঁছলে সামনে একটি মাহিন্দ্রা গাড়ি দেখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা এসে গাড়ির সুপারভাইজারসহ যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি ও বরিশাল হাসপাতালে পাঠান। ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পরে বাসের সুপারভাইজার আল মামুন মনিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত আল মামুন নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজ করে। বাসটি উদ্ধার করে সড়কে যানচলাচল স্বাভাবিক রাখার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। অল্প সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights