বিশ্বকাপের ফাইনাল ম্যাচের অফিশিয়াল বল উন্মোচন

অনলাইন ডেস্ক

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের মহোৎসব এখন অন্তিম লগ্নের অপেক্ষায়। আর এই হাইভোল্টেজ সমাপনী পর্বের রোমাঞ্চ আরও বাড়িয়ে দিতে টুর্নামেন্টের শেষ ম্যাচগুলোর অফিশিয়াল বল উন্মোচন করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাস।

ট্রাওয়ান্ডা ফাইনাল নামের এই বলটি বিশ্বকাপের সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং মাঠের শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াই তথা মেগা ফাইনালে ব্যবহার করা হবে। সম্প্রতি এক জমকালো আয়োজনে লিওনেল মেসি, জুড বেলিংহাম ও লামিন ইয়ামালের মতো ফুটবল বিশ্বসেরা তারকাদের উপস্থিতিতে নতুন এই বলটির মোড়ক উন্মোচন করা হয়। তবে এই বলটি পায়ে জড়িয়ে মাঠ মাতানোর আগে তারকাদের নিজ নিজ দলকে কোয়ার্টার ফাইনালের বাধা পার করতে হবে।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম গ্রুপ পর্বের বলের শুধু রঙ পরিবর্তন না করে, শেষ ভাগ বা নকআউট পর্বের জন্য সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি বল তৈরি করে ইতিহাস গড়েছে অ্যাডিডাস। দৃষ্টিনন্দন এই বলটির সোনালি, কালো ও সাদা রঙের নকশাটি মূলত ফিফা বিশ্বকাপ ট্রফি থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। বলটির প্যানেল গ্রাফিক্সে বিশ্বকাপের শেষভাগের ম্যাচগুলো আয়োজন করতে যাওয়া চার আয়োজক শহর ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউ ইয়র্ক/নিউ জার্সির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে।

বাহ্যিক রূপ ও ডিজাইনে বড় ধরনের পরিবর্তন এলেও বলটির অভ্যন্তরীণ পারফরম্যান্স প্রযুক্তিতে কোনো হেরফের করা হয়নি। ২০২৫ সালের অক্টোবরে উন্মোচন করা মূল ট্রাওন্ডা মডেলের চার-প্যানেল বিশিষ্ট কাঠামো এবং কানেক্টেড বল প্রযুক্তির সুবিধা এই বলটিতেও অক্ষুণ্ণ রাখা হয়েছে। এই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মাঠের ম্যাচ অফিশিয়ালরা ভিএআর এবং অফসাইড রিভিউয়ের জন্য রিয়েল-টাইম নিখুঁত ডেটা বা তথ্য পাবেন, যা মাঠের যেকোনো বিতর্কিত সিদ্ধান্ত এড়াতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights