আর্জেন্টিনা বনাম মিসর, বেশি চিন্তায় কারা?

অনলাইন ডেস্ক

চলতি ফুটবল বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে আজ শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি মিশর। শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে অবিশ্বাস্য এক লড়াইয়ের পর শেষ ষোলো নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অতিরিক্ত সময়ে গড়ানো সেই রোমাঞ্চকর ম্যাচে কোনোমতে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট কাটে মিশর। এর আগে ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল, যেখানে ২-০ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা। তবে বিশ্বকাপের মঞ্চে এটিই তাদের প্রথম দ্বৈরথ।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরি নিয়ে কিছুটা চিন্তায় আছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নিকো গঞ্জালেস এবং ফাকুন্দো মেদিনার হালকা চোট থাকলেও এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, রদ্রিগো ডি পল ও এনজো ফার্নান্দেজদের নিয়ে গড়া শক্তিশালী একাদশই দেখা যেতে পারে মাঠে। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধবেন লাউতারো মার্তিনেজ। অন্যদিকে মিশর শিবিরে রয়েছে বড় ধাক্কা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আহমেদ ফাতুহ এবং মোহাম্মদ আবদেলমোনেইমকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। তবে মোস্তফা শৌবির, রামি রাবিয়া এবং মারওয়ান আত্তিয়াদের পাশাপাশি দলটির সবচেয়ে বড় ভরসা মোহাম্মদ সালাহ এবং ওমর মারমুশ। এই দুই তারকাকে ঘিরেই জয়ের স্বপ্ন বুনছে তারা। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের পরিচালনায় ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শুরু হবে।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার রক্ষণভাগের বেশ কিছু দুর্বলতা সামনে এসেছে, যা স্কালোনির দলের জন্য উদ্বেগের কারণ হতে পারে। পুরো টুর্নামেন্ট জুড়েই মেসির একক জাদুতে চড়ে বৈতরণী পার হয়েছে আর্জেন্টিনা। তবে হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্তিনেজের মতো তারকাদেরও মেসির পাশাপাশি নিজেদের মেলে ধরার এখনই উপযুক্ত সময়। অপরদিকে, কাগজ-কলমে মিশর পিছিয়ে থাকলেও কেপ ভার্দের দেখানো পথে হেঁটে আর্জেন্টিনার রক্ষণভাগে ফাটল ধরাতে প্রস্তুত তারা। সালাহ ও মারমুশের গতি এবং ইমাম আশুরের দারুণ পাসিং কোয়ালিটি আর্জেন্টিনাকে বড় বিপদে ফেলতে পারে। ইতোমধ্যে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ও নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে মিশর। কোনো চাপ ছাড়াই আজ বিশ্বচ্যাম্পিয়নদের স্তব্ধ করে কোয়ার্টার ফাইনালে নাম লেখাতে মরিয়া তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights