১৭ বছরেও হয়নি বেরোবির সমাবর্তন ও ছাত্র সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রতিষ্ঠার ১৭ বছর পেরিয়ে গেলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এখনো প্রথম সমাবর্তন আয়োজন করতে পারেনি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে আছে ছাত্র সংসদ নির্বাচনও। একাধিকবার তারিখ ঘোষণা ও পরিবর্তন হলেও শেষ পর্যন্ত কোনোটি বাস্তবায়ন হয়নি। সমাবর্তন না হওয়ায় নিবন্ধনকারী শিক্ষার্থীদের ফি ফেরত দেওয়া হচ্ছে। এসব নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ছাত্র সংসদ পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন না থাকায় নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। যদিও শিক্ষার্থীদের কাছ থেকে এ খাতে ফি নেওয়া হয়েছে, তবে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ছাত্র সংসদ নির্বাচন পরিচালনার আইন অনুমোদন করা হয়।

এরপর গত বছরের নভেম্বরে নির্বাচন প্রক্রিয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথমে ১৯ ডিসেম্বর, পরে ২৪ ডিসেম্বর এবং সর্বশেষ ২১ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও ভোটার তালিকায় অসংগতি ও অন্যান্য কারণ দেখিয়ে প্রতিবারই নির্বাচন স্থগিত করা হয়।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন গত বছরের ২০ ডিসেম্বর আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ভর্তি পরীক্ষা থাকায় সমাবর্তন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে প্রথম থেকে দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমও শুরু করা হয়েছিল। পরে জাতীয় পরিস্থিতির কথা উল্লেখ করে সমাবর্তন স্থগিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রের দাবি, পর্যাপ্ত বাজেটের অভাবেও সমাবর্তন আয়োজন সম্ভব হয়নি।

বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শাহেদুল আলম বলেন, উপাচার্য নির্বাচনের পর সমাবর্তনের বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু চার মাস পার হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, সমাবর্তনের জন্য খুব কমসংখ্যক শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তাই তাদের নিবন্ধন ফি ফেরত দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনায় সব ধরনের নির্বাচন স্থগিত থাকায় ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights