কেন ইংল্যান্ড-আর্জেন্টিনার রেফারিরা একে অপরের ম্যাচ পরিচালনা করতে পারে না?

অনলাইন ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক রেফারিং বিতর্ক যখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে, ঠিক তখনই সামনে এলো ফুটবলের অদ্ভুত ও ঐতিহাসিক নিয়ম। এবারের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হওয়ার আগে জানা গেছে, ইংল্যান্ড এবং আর্জেন্টিনার রেফারিরা একে অপরের দেশের কোনো ম্যাচ পরিচালনা করতে পারবেন না। আর এই অলিখিত নিষেধাজ্ঞার সূত্র লুকিয়ে আছে আজ থেকে ৪৪ বছর আগে, ১৯৮২ সালের এক রক্তক্ষয়ী ইতিহাসে।

১৯৮২ সালে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে এক সংক্ষিপ্ত কিন্তু তিক্ত যুদ্ধ সংঘটিত হয়। দীর্ঘ ৭৪ দিন স্থায়ী এই সশস্ত্র সংঘাতের পর আর্জেন্টিনা আত্মসমর্পণ করে এবং দ্বীপটি পুনরায় ব্রিটিশ নিয়ন্ত্রণে ফিরে আসে। সেই যুদ্ধের পর দীর্ঘ চার দশক পেরিয়ে গেলেও দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক সংবেদনশীলতা এখনো পুরোপুরি কাটেনি। ফিফা যদিও আনুষ্ঠানিকভাবে এটিকে যুদ্ধের প্রভাব বলে সরাসরি স্বীকার করে না, তবে যেকোনো ধরনের রাজনৈতিক বিতর্ক এড়াতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি শুরু থেকেই এই দুই দেশের ম্যাচ ও রেফারিদের একে অপরের থেকে দূরে রাখছে।

চলমান বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচের জন্য ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের একটি বিশাল দল দায়িত্ব পালন করছে। ফিফার রেফারি প্যানেল সাধারণত পারফরম্যান্স, অভিজ্ঞতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে ম্যাচ পরিচালনা করার দায়িত্ব দেয়। নিয়মানুযায়ী কোনো রেফারি নিজের দেশের ম্যাচ পরিচালনা করতে পারেন না। তবে এই সাধারণ নিয়মের বাইরে গিয়ে ভূ-রাজনৈতিক জটিলতা এড়াতে এবার ইংল্যান্ড ও আর্জেন্টিনার ম্যাচগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ফিফার এই অলিখিত নিয়মের কারণে সবচেয়ে বড় জটিলতায় পড়েছেন ইংল্যান্ডের দুই অভিজ্ঞ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলর, এবং আর্জেন্টিনার ফাকুন্দো তেলো। টুর্নামেন্টের অন্যতম সেরা ও বিশ্বস্ত এই রেফারিদের বিশ্বকাপ ফাইনাল পরিচালনার স্বপ্ন এখন ঝুলে আছে অন্য দলগুলোর ভাগ্যের ওপর। ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ নরওয়ে অথবা আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড যদি সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছাতে না পারে, তবে ফকল্যান্ড যুদ্ধের এই ঐতিহাসিক মারপ্যাঁচে পড়ে দুই দেশের রেফারিদেরই ফাইনালের আগেই বিশ্বকাপ সফর শেষ করতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights