বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল ছেড়ে আসা সুস্মিতা-সুখেন্দু-প্রকাশ

দীপক দেবনাথ, কলকাতা
ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার উপ-নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ থেকে মনোনয়ন জমা দিলেন বিজেপি মনোনীত তিন প্রার্থী।

সোমবার বিধানসভায় গিয়ে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইক নিজেদের মনোনয়নপত্র জমা দেন। তিন প্রার্থীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সংসদীয় মন্ত্রী শংকর ঘোষ ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পরই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাংসদ পদ ও দল ছাড়েন সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইক। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার এই তিন আসনে উপ-নির্বাচন অনিবার্য হয়ে পড়ে।

এরই মধ্যে গত বৃহস্পতিবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দল বিজেপিতে যোগদান করেন সাবেক এই তিন তৃণমূল সাংসদ। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন শমীক ভট্টাচার্য। গেরুয়া শিবিরে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই তাদের তিনজনকেই প্রার্থী করে বিজেপি।

আগামী ২৪ জুলাই এই তিন আসনে উপ-নির্বাচন। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্য বিধানসভা ভবনে ভোটগ্রহণ চলবে। ভোট শেষ হওয়ার পর বিকেল ৫টা থেকে গণনা শুরু হবে।

মনোনয়নপত্র জমা দিয়ে সুস্মিতা দেব বলেন, মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার খুব ভালো লেগেছে যে মুখ্যমন্ত্রীর ঘরে আমাদের সকলকে নিয়ে যে বৈঠকটা হয়েছে, সেটা একদম ঘরোয়া বৈঠক। সম্প্রতি আমরা বিজেপিতে যোগদান করেছি। তারপরেই প্রার্থী হয়ে দাঁড়ানো। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থেই আমরা কাজ করব।

তবে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যসভার টিকিট পাওয়া নিয়ে দলের বিভিন্ন প্রশ্ন ওঠে। রাজ্যসভার প্রার্থীদের ক্ষেত্রে ব্যক্তি পরিচয় কী বড় হয়ে ওঠে? এমন এক প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ব্যক্তিত্ব পরিচয় বড় নয়। কারণ তাদের তিনজনেরই রাজ্যসভার মেয়াদ বাকি ছিল। তারা পূর্বের দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। সেক্ষেত্রে দলেরও একটা দায়িত্ব থাকে।

অন্যদিকে মমতাপন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুনাল ঘোষ কটাক্ষের সুরে বলেছেন, মমতা ব্যানার্জি আজ ক্ষমতায় না থাকার কারণে অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যাথা উঠছে, অনেকে ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকলে এরাই চারপাশে থাকতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights