অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন তথ্য ব্যবস্থাপনাকে ‘অক্সিজেন’-এর সঙ্গে তুলনা করে বলেছেন, দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধ করে জনগণের পাশে থাকাই সরকারের জন্য একটি ‘অ্যাসিড টেস্ট’।
দুর্যোগের এই সময়ে সরকারি তৎপরতার সঠিক চিত্র তুলে ধরে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে এবং প্রতিদিনের কাজের হিসাব দিতে তথ্য মন্ত্রণালয়ের অধীন জেলা তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলার মাধ্যমে তথ্যপ্রবাহকে পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য রাখা তথ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব।
গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সব জেলা তথ্য কর্মকর্তার (ডিআইও) সঙ্গে বন্যাকবলিত এলাকায় করণীয়সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সব জেলা তথ্য কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং তথ্যব্যবস্থাপনা বিষয়ে তাঁদের মতামত নেন তথ্যমন্ত্রী।
ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, তথ্যব্যবস্থাপনা হচ্ছে একধরনের অক্সিজেনের মতো। বাতাস দূষিত হলে বা বাতাস না থাকলে যেমন জীবন সংকটাপন্ন হয়, তেমনি অপতথ্য বা ভুল তথ্য সমাজে মারাত্মক বিপর্যয় ডেকে আনে। এই প্রবাহ যাতে কলুষিত না হয়, তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।
ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হবিগঞ্জ এবং মৌলভীবাজার- এই সাতটি বন্যাকবলিত জেলার তথ্য কর্মকর্তার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠপর্যায়ের কার্যক্রমের খোঁজখবর নেন।
তিনি এই সাতটি জেলার তথ্য কর্মকর্তাকে নিয়ে অবিলম্বে একটি ‘বিশেষ ইমার্জেন্সি টিম’ গঠন করার জন্য গণযোগাযোগ অধিদপ্তরের (ডিএমসি) মহাপরিচালককে নির্দেশ দেন। এই টিম ২৪ ঘণ্টা সদর দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে। মন্ত্রী বলেন, ‘অন্যান্য মন্ত্রণালয়ের কাজ যেখানে দৃশ্যমান বা অবকাঠামোগত, আমাদের কাজ মূলত ডিজিটাল ও মিডিয়া প্ল্যাটফর্মে সঠিক তথ্য দিয়ে জনগণকে স্বস্তির মধ্যে রাখা।’
