আদমজী ইপিজেডের পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে কারখানাটির গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ কারখানার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে আদমজী, কাঁচপুর, শিবু মার্কেট ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং অতিরিক্ত দুটি ইউনিট প্রস্তুত রাখা হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করেছে। অতিরিক্ত আরও দুটি ইউনিট ঘটনাস্থলে প্রস্তুত ছিল। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights