চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ সাত জলদস্যু আটক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ সাত জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার কোস্ট গার্ড পূর্ব জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত ৯ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সন্দ্বীপ উপজেলার দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ খবর পেয়ে কোস্ট গার্ড ঘটনাস্থলে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে। ঘটনার পর গত ১৩ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও সন্দ্বীপ থানা পুলিশের যৌথ অভিযানে চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকা থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সাত জলদস্যুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ৯ জুলাই সংঘটিত ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ করা ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, ৫টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
