গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালিত
গাইবান্ধা প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পৌর পার্কে জুলাই শহীদ স্মতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন পুলিশ সুপার জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, পৌর জামায়াতের আমীর ফেরদৌস আলম, শহীদ সজলের মা শাহিনা বেগম, জুলাই যোদ্ধা জাভেদ হোসেন, এনসিপি নেত্রী কাজল রেখা পিংকি প্রমুখ।
এসময় জেলা প্রশাসক বলেন, গাইবান্ধায় ৬ শহীদের কবরগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে। আগামী প্রজন্ম যাতে বুঝতে পারে এগুলো জুলাই শহীদদের কবর। যারা কবর সংস্কারের কথা বলে তালবাহানা করেছে তাদের বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
এমপি আব্দুল করিম বলেন, রক্তে লেখা ১৬ জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণদের অদম্য সাহস, বৈষম্যহীন নতুন রাষ্ট্র গঠনের অঙ্গীকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার গভীর তাৎপর্য বহন করে। তিনি মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই দিবসটি বৈষম্য, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার নতুন প্রেরণা জোগায়।
