গোপালগঞ্জে কিশোরকে রাজনৈতিক নয়, চুরির মামলায় গ্রেফতার: পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামে এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়। তবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সুমন শেখকে রাজনৈতিক নয়, একটি চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক মামলার সংশ্লিষ্টতা নেই।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোবা গ্রামের মো. রাজিব মিয়ার বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় রাজিব মিয়ার স্ত্রী সোনিয়া ইসলামের স্বর্ণের কানের দুল, স্বর্ণের চেইনসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কাশিয়ানী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সুমন শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

কাশিয়ানী থানা পুলিশের দাবি, অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির মামলা রয়েছে। সর্বশেষ চুরির ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়ার পর আইনানুগ প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে। তবে কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘এটি সম্পূর্ণ একটি চুরির মামলা। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মামলার কথা বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। মামলার তদন্ত আইন অনুযায়ী চলমান রয়েছে।’

তিনি জানান, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। যেকোনো তথ্য প্রকাশের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights