অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ

শোবিজ ডেস্ক
বলিউড সংগীতজগতে বড়সড় চমক দিয়ে প্লেব্যাকে ফেরার ঘোষণা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। চলতি বছরের শুরুতে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের হতাশ করেছিলেন এই তারকা। তবে সেই বিরতি কাটিয়ে আবারও পুরোনো চেনা টিমের হাত ধরেই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, বিশেষ ফিল্মসের আসন্ন সিনেমা ‘আওয়ারাপান ২’-এর ‘ইয়ে আওয়ারাপান’ গানটির মাধ্যমে তার এই রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে। আমাল মালিকের সুরে এবং রশ্মি বিরাগের কথায় গানটি আগামী ২১ জুলাই সবকটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে।

সূত্রের খবর, সিনেমার মূল চরিত্র ‘শিবম পণ্ডিত’-এর আবেগঘন জার্নি ফুটিয়ে তোলার জন্য অরিজিৎ সিংয়ের কণ্ঠকেই একমাত্র উপযুক্ত বলে মনে করেছিলেন সৃজনশীল নির্মাতা বিশেষ ভাট। সেই ভাবনা থেকেই অরিজিৎকে আবার প্লেব্যাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বিশেষ ফিল্মসের সঙ্গে অরিজিৎ সিংয়ের কাজের ইতিহাস বেশ দীর্ঘ এবং সফল। ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বত’ গানটি দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, পরবর্তীতে তা ‘আশিকি ২’-এর ‘তুমি হি হো’, ‘সিটিলাইটস’-এর ‘মুসকু রানে’, কিংবা ‘খামোশিয়ান’ ও ‘হামারি আধুরি কাহানি’-র মতো অসংখ্য কালজয়ী জনপ্রিয় গান উপহার দিয়েছেন। দীর্ঘ বিরতির পর এই জুটির নতুন গান নিয়ে স্বাভাবিকভাবেই উন্মাদনা তৈরি হয়েছে শ্রোতাদের মাঝে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বার্তা দিয়ে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। নতুন কোনো সিনেমার গানে কণ্ঠ না দেওয়ার সেই সিদ্ধান্তের পর ভক্তদের মনে যে হতাশা তৈরি হয়েছিল, তা এবার কেটে যাচ্ছে।

নীতিন কক্করের পরিচালনায় এবং ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে, যেখানে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি ও শাবানা আজমিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights