গোপালগঞ্জে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, জেল-জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে পৌরসভার একটি আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউজে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, সহকারী কমিশনার ও ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এক মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরেক মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২/২৯৩/২৯৪ ধারায় দায়ের করা ৮টি মামলায় মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২(ঙ) ধারায় দায়ের করা অপর একটি মামলায় একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনিরুদ্ধ দেব রায় জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
