গাড়ি থেকে টেনে বের করে ফুটবলারের রোলেক্স-মোবাইল ছিনতাই
অনলাইন ডেস্ক
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ছিনতাইয়ের শিকার হয়েছেন ঘানার ফুটবলার ও রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইসের ফরোয়ার্ড মোহাম্মেদ ফুসেইনি। নাইটক্লাবের বাইরে সংঘটিত এ ঘটনায় তাকে গাড়ি থেকে জোর করে নামিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার পর তার রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে ব্রাসেলসের একটি জনপ্রিয় নাইটক্লাবের বাইরে। ফুসেইনি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় পাঁচজন হামলাকারী তাকে ঘিরে ফেলে। তারা প্রথমে তাকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে বের করে আনে। এরপর একজন পেছন থেকে তার গলা চেপে ধরে, যাতে তিনি কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারেন। সেই সুযোগে অন্যরা তার হাতে থাকা রোলেক্স ঘড়ি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
জানা গেছে, ছিনিয়ে নেওয়া রোলেক্স ঘড়িটির মূল্য আনুমানিক ৮ হাজার থেকে ১৪ হাজার ইউরোর মধ্যে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ থেকে ১৯ লাখ টাকার সমান। হামলার পুরো ঘটনাই কয়েক মিনিটের মধ্যে ঘটে যায়।
ঘটনার সময় ফুসেইনির এক সতীর্থ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি মোবাইল ফোনে পুরো হামলার ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও পুলিশের হাতে তুলে দেওয়া হলে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। ভিডিও ফুটেজের সহায়তায় ব্রাসেলস পুলিশ ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও শুরু হয়েছে এবং বাকি হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।
হামলার পর ফুসেইনিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ক্লাব জানিয়েছে, তিনি গুরুতর আহত না হলেও মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন।
রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইস এক বিবৃতিতে খেলোয়াড়ের প্রতি সমর্থন জানিয়ে বলেছে, ক্লাব পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে দ্রুত তদন্ত শুরু এবং সন্দেহভাজনকে গ্রেপ্তার করায় ব্রাসেলস পুলিশকে ধন্যবাদ জানিয়েছে তারা। ক্লাবের আশা, তদন্তের মাধ্যমে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
